আল-হাইআতুল উলয়ার সনদ উত্তোলনে জরুরি নির্দেশনা

by hsnalmahmud@gmail.com

দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার সনদ ও নম্বরপত্র সংগ্রহ সহজতর করতে জরুরি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা প্রকাশ করেছে কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। ১৪৩৮ হিজরি থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত অনুষ্ঠিত ১০টি পরীক্ষার সনদ উত্তোলনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ধরনের মূল ও সাময়িক সনদ ঢাকার উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচায় অবস্থিত আল-হাইআতুল উলয়ার প্রধান কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন
banner

১৪৩৮-১৪৪২ হিজরির পরীক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৪৩ থেকে ১৪৪৫ হিজরি সনের মূল সনদ ও নম্বরপত্র ইতোমধ্যে বিভিন্ন মাদরাসায় পৌঁছানো শুরু হয়েছে। এছাড়া ১৪৪৬ ও ১৪৪৭ হিজরির সনদ প্রস্তুতের কাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে।

তবে ১৪৩৮ থেকে ১৪৪২ হিজরি পর্যন্ত পরীক্ষার্থীদের সনদ সংগ্রহের জন্য অনলাইনে তথ্য হালনাগাদ করা বাধ্যতামূলক করা হয়েছে। পুরোনো সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় এসব পরীক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে।

আবেদনের সময় পরীক্ষার্থীর বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় নাম এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের তথ্য দিতে হবে।

সাময়িক সনদ ও তথ্য সংশোধন

সাময়িক সনদের জন্য অনলাইনে অথবা সরাসরি আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করা যাবে।

সনদ বা নম্বরপত্রে কোনো ভুল থাকলে ২০০ টাকা ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সংশোধনের আবেদন করা যাবে। তবে পরীক্ষার্থী কিংবা তার বাবা-মায়ের সম্পূর্ণ নাম পরিবর্তনের সুযোগ থাকবে না; কেবল আংশিক সংশোধন করা যাবে।

প্রবাসী ও ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা

বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরা মাদরাসার মুহতামিমের প্রত্যয়নপত্রসহ মনোনীত প্রতিনিধির মাধ্যমে সনদ সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিনিধির পরিচয়পত্র এবং মাদরাসার সিল ও স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

অন্যদিকে, ছাত্রীরা তাদের মাহরাম ব্যক্তির মাধ্যমে সনদ সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রেও প্রয়োজনীয় পরিচয়পত্র ও প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

সনদ উত্তোলন বা সংশ্লিষ্ট বিষয়ে কোনো জরুরি তথ্য ও সহায়তার প্রয়োজন হলে আল-হাইআতুল উলয়ার হটলাইন ০৯৬১১-৬৩৪৭৩৪ এবং হোয়াটসঅ্যাপ নম্বর ০১৯৭০-৭৬৩১৭৮-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222