জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইরানি বার্তাসংস্থা ইলনা স্থানীয় সময় বুধবার এ তথ্য জানায়। বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছে তারা।
ছবিতে দেখা যায়, ছোট পরিসরের আয়োজনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দুই নেতার মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানায়নি ইলনা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। অধিবেশনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকও করছেন।
‘মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা করেছেন মাসুদ পেজেশকিয়ান। বাংলাদেশ সময় গতকাল বুধবার দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না।
পেজেশকিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। অথচ ইরানই সন্ত্রাসবাদের শিকার হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান তাদের সঙ্গে চুক্তি না করলে দেশটিকে নিশ্চিহ্ন করে দেবেন। এর জবাবে বিশ্বনেতাদের সামনে পেজেশকিয়ান বলেন, ‘নিষেধাজ্ঞা, বর্ধিত চাপ এবং গুণ্ডামির সামনে ইরানের প্রতিরোধ আরো শক্তিশালী হবে।’
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করতে চাইলে নৌ-অবরোধ তুলে নিতে হবে বলেও জানান পেজেশকিয়ান।
তিনি বলেন, ‘আঞ্চলিক অন্য সব দেশ হরমুজ থেকে সুবিধা পাবে আর ইরানকে সেই সুবিধা দেওয়া হবে না, তা হতে পারে না।’
পেজেশকিয়ান আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। কিন্তু আমরা সন্ত্রাসবাদের শিকার।’
