দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে শ্রমিক-কর্মচারীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তারা। এর ফলে বন্দরের অভ্যন্তরে পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিং বা খালাসসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার অনড় ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শ্রমিক নেতাদের অভিযোগ, তাদের এই যৌক্তিক আন্দোলনকে ব্যাহত করতে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন শ্রমিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। এর আগেও একই দাবিতে টানা ছয় দিন কর্মবিরতি পালন করেছিলেন তারা। তবে নৌপরিবহন উপদেষ্টার সুনির্দিষ্ট আশ্বাসের প্রেক্ষিতে শুক্রবার ও শনিবার কাজে ফিরেছিলেন শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ না আসায় পুনরায় এই কঠোর কর্মসূচি শুরু হয়েছে। এই অচলাবস্থার কারণে বন্দরে জাহাজ ও কন্টেইনারের পাহাড় জমতে শুরু করেছে, যার প্রত্যক্ষ প্রভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ আমদানিকারক ও ব্যবসায়ীরা।
আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবিসমূহ হলো—এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা, উদ্ভূত সংকট নিরসনে ব্যর্থতার দায়ে বন্দর চেয়ারম্যানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া এবং ইতিপূর্বে আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা প্রত্যাহার করা। শ্রমিকরা সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দরের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার কোনো আত্মঘাতী সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। বর্তমানে বন্দরের জেটি ও ইয়ার্ডগুলোতে কোনো কাজ না হওয়ায় রফতানি পণ্য জাহাজীকরণও চরমভাবে ব্যাহত হচ্ছে।
টিএইচএ/
