কলকাতায় নির্মাণাধীন ভবন ধসে আটকা অর্ধশত, বহু হতাহতের শঙ্কা

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা ব্রেসব্রিজ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে। তিন তলা ওই ভবনের এক তলার ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় পুরো টিনের শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়লে এই বিপর্যয় ঘটে। বুধবার (২৪ জুন) দুপুরে ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। তবে ভেতরে আরও বহু শ্রমিক আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন তলা বিশিষ্ট এই ভবনটি মূলত একটি চায়ের গুদাম হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছিল। ভবনটির ওপরের দুই তলার ঢালাইয়ের কাজ আগেই শেষ হয়েছিল। বুধবার দুপুরে ভবনটির এক তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সংশ্লিষ্টরা জানান, এর আগেও নির্মাণকাজের সময় ভবনটির একটি অংশ একবার ভেঙে পড়েছিল। তবে সেই দুর্ঘটনার পর কোনো রকমে জোড়াতালি দিয়ে মেরামত করে শেডের নিচে ভেতরে ঢুকেই আবারও পুরো সেটআপ দাঁড় করানোর চেষ্টা করছিলেন সংশ্লিষ্টরা। ত্রুটিপূর্ণ সেই পরিকাঠামোর মধ্যেই কাজ চালিয়ে যাওয়ার কারণে আজ আবারও এই বড় দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

এক প্রত্যক্ষদর্শী জানান, ছাদ ধসে পড়ার সময় ভেতরে অন্তত ৫০ থেকে ৬০ জন মানুষ অবস্থান করছিলেন। সেখানে একটি ছোট অফিস ঘর তৈরি করে পুরো নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছিল। ফলে দুর্ঘটনার সময় শ্রমিকদের পাশাপাশি আরও অনেকেই ভেতরে বসে কথা বলছিলেন। হঠাৎ করে ছাদটি ভেঙে পড়ায় কেউ বের হওয়ার সুযোগ পাননি। ফলে ভেতরে এখনও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর (ডিজাস্টার ম্যানেজমেন্ট) বিশেষ টিম। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আহতদের দ্রুত বের করে আনতে গ্যাস কাটার দিয়ে বড় বড় লোহার বিম কাটার কাজ চলছে। একই সাথে উদ্ধারকাজে গতি আনতে বড় ক্রেন ও জেসিবি (বুলডোজার) মেশিন দুর্ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে বেশ কিছু অ্যাম্বুলেন্স। গুরুতর আহতদের কোনো রকম যানজট ছাড়াই দ্রুত চিকিৎসার আওতায় আনতে বিশেষ ‘গ্রিন করিডর’ এর ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। তবে দুর্ঘটনাকবলিত এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং সংকীর্ণ হওয়ায় উদ্ধারকারী দল ও ভারী যন্ত্রপাতি প্রবেশে কিছুটা বেগ পেতে হচ্ছে। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিং দাবি করেছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বেসরকারি ও হাসপাতাল সূত্রে নিহতের সংখ্যা দুইজনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222