আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের রাজধানী কাবুলে ২০২৬ সালের ‘কাঙ্কর’ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শীর্ষ ১০ কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) আফগানিস্তানের সাধারণ পরীক্ষা কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে এই শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে দেশটির তালেবান সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরিয়ানা নিউজের খবরে বলা হয়, অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সাধারণ পরীক্ষা কর্তৃপক্ষের প্রধান আব্দুল বাকি হাক্কানি একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পরীক্ষায় পূর্ণ ন্যায্যতা বজায় রাখতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান আফগানিস্তানের অগ্রযাত্রার জন্য আধুনিক ও ধর্মীয়—উভয় ধরনের শিক্ষা ব্যবস্থারই সমান প্রয়োজন।
অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশাসনিক উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি বলেন, দেশটির উচ্চশিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার সব ধরনের উপলব্ধ সম্পদ ব্যবহার করছে। দেশ পুনর্গঠন ও ভবিষ্যতের সার্বিক উন্নয়নে অবদান রাখতে তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আফগানিস্তানের জাতীয় এই ‘কাঙ্কর’ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবার প্রায় ১ লাখ ১৭ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে দেশজুড়ে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন ৭৪ হাজারেরও বেশি শিক্ষার্থী।
