আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ইসলামিক আমিরাতের শীর্ষ নেতা খলিফা সিরাজউদ্দিন হাক্কানি বিদেশে অবস্থানরত দেশের রাজনৈতিক নেতাদের মাতৃভূমিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। পাঞ্জশির সফর শেষে বামিয়ান প্রদেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই বার্তা দেন।
সিরাজউদ্দিন হাক্কানি বলেন, ‘আমরা বিদেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের বিনীতভাবে অনুরোধ করছি—আপনাদের মাতৃভূমিই আপনাদের আসল ঘর। দোহা চুক্তির পর সবাইকে সাধারণ ক্ষমা প্রদর্শন করা হয়েছে, তাই দেশে ফিরলে কাউকে কোনো ধরনের জবাবদিহির মুখোমুখি হতে হবে না।’
তিনি জোর দিয়ে বলেন, ভাষা, জাতি বা অঞ্চলের ভিত্তিতে তৈরি হওয়া বিভেদ মূলত বৈরী শক্তির চক্রান্তের ফল। বর্তমানে সব আফগান এক প্রশাসনিক ব্যবস্থার অধীন একত্রিত হয়ে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পথে এগিয়ে যাচ্ছে। ব্যবস্থা পরিচালনায় সাধারণ মানুষের ঐকমত্য সবচেয়ে জরুরি উল্লেখ করে তিনি বলেন, ইসলামিক আমিরাতের প্রধানের বার্তাগুলো পর্যালোচনা করলেই দেখা যাবে, তা সবসময় সংহতি ও জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করে রচিত। জনগণ ও সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য বজায় থাকলে দেশ কখনোই অরক্ষিত থাকতে পারে না।
এ সফরকালে সিরাজউদ্দিন হাক্কানি উচ্চশিক্ষার পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহায়তা দেওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। সূত্র: টোলোি নিউজ
