পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থাকে আফগান মন্ত্রীর হুঁশিয়ারি

by hsnalmahmud@gmail.com

ইসলামিক আমিরাতের বিরোধীদের সাথে আলোচনা ও বোঝাপড়ায় বিশ্বাস করলেও যেকোনো সশস্ত্র বিরোধিতার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন আফগানিস্তানের সীমান্ত ও উপজাতীয় বিষয়ক মন্ত্রী নুরুল্লাহ নূরী। একই সাথে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোকে আফগান জনগণের ধৈর্যের পরীক্ষা না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কাবুলে অনুষ্ঠিত এক সমাবেশে দেওয়া বক্তব্যে নুরুল্লাহ নূরী বিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা আফগানিস্তানে ঠিক কী ধরনের পরিবর্তন চান এবং তাদের মূল দাবিগুলো কী, তা যেন স্পষ্ট ও বিশদভাবে তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

সাবেকদের উদ্দেশ্যে আফগান এই মন্ত্রী বলেন, “যারা আফগানিস্তান ছেড়ে গেছেন, ইসলামিক আমিরাতের সাথে তাদের কোনো ব্যক্তিগত সংঘাত নেই। তারা চাইলে সানন্দে দেশে ফিরে আসতে পারেন। তবে কোনো তৃতীয় পক্ষের প্ররোচনায় প্ররোচিত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত হওয়া তাদের অনুচিত হবে।”

বক্তব্যের একপর্যায়ে পাকিস্তানের ওপর কড়া তোপ দেগে নূরী উল্লেখ করেন, আফগানিস্তান থেকে আঞ্চলিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাব সম্পূর্ণ নির্মূল করা হয়েছে এবং সারা দেশে এখন পূর্ণাঙ্গ ইসলামী শাসনব্যবস্থা বজায় রয়েছে।

ইসলামিক আমিরাতের এই শীর্ষ কর্মকর্তা বলেন, “ইসলামী নীতির ভিত্তিতে আমরা প্রতিবেশী ও আঞ্চলিক সব দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কিন্তু পাকিস্তান যখন নিজেদের আঙিনা থেকে আমাদের দিকে অভিযোগের তির ছোড়ে, ভিত্তিহীন গুজব ছড়ায় এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও গণমাধ্যমে নালিশ জানায়—তখন তাদের প্রথমে নিজেদের ভূমিকার দিকে তাকানো উচিত। ইনশাআল্লাহ, এমন এক সময় আসবে যখন আমরা এর উপযুক্ত ও কঠোর জবাব দেব।”

সম্প্রতি নুরিস্তানের কামদেশ সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে কাবুলে নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে (সিএডি) তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কূটনৈতিক টানাপোড়েনের এক দিনের মাথায় আফগান মন্ত্রীর পক্ষ থেকে ইসলামাবাদকে এই কড়া সতর্কবার্তা দেওয়া হলো।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222