আমার দেশ পত্রিকা জনসম্মুখে ছিঁড়ে ফেলা প্রতিবাদের ভাষা নয়: জমিয়ত

by hsnalmahmud@gmail.com

কোনো সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ, মতামত বা সম্পাদকীয় অবস্থানের সঙ্গে দ্বিমত থাকতেই পারে। এর প্রতিবাদ করার সুন্দর ও সভ্য পদ্ধতি রয়েছে। কিন্তু কোনো পত্রিকা জনসম্মুখে ছিঁড়ে ফেলে বা অবমাননাকর আচরণের মাধ্যমে প্রতিবাদ জানানো কোনোভাবেই সুস্থ রাজনৈতিক ও সংস্কৃতির অংশ হতে পারে না।

রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি রাশেদ খান লাইভে এসে ‘আমার দেশ’ পত্রিকা জনসম্মুখে ছিঁড়ে ফেলার যে ঘটনা ঘটিয়েছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তা সমর্থন করে না। মতের অমিলের কারণে সংবাদপত্রের প্রতি এমন আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের বহুত্ববাদী পরিবেশের জন্যও ইতিবাচক বার্তা বহন করে না।

তিনি আরো বলেন, একটি সংবাদপত্রের কোনো প্রতিবেদন বা বক্তব্যের সঙ্গে আপত্তি থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার প্রতিবাদ করা যায়, প্রতিবাদলিপি দেওয়া যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যায় কিংবা আইনি পন্থায় বিষয়টি মোকাবিলা করা যায়। কিন্তু পত্রিকা ছিঁড়ে ফেলা, অপমান করা বা উত্তেজনাপূর্ণ প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ করা সমস্যার সমাধান নয়।

জমিয়ত মহাসচিব আরও বলেন, আজ একটি পত্রিকার মতের সঙ্গে দ্বিমত পোষণ করে যদি সেটিকে প্রকাশ্যে অপমান করা হয়, আগামীকাল ভিন্নমতের অন্য কোনো সংবাদমাধ্যমও একই ধরনের আচরণের শিকার হতে পারে। তাই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মতভিন্নতাকে সহনশীলতার সঙ্গে মোকাবিলা করা জরুরি।

তিনি রাশেদ খানের ওই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, প্রতিবাদ হবে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে ও সভ্য ভাষায়; সংবাদপত্র ছিঁড়ে ফেলা বা অবমাননা করা প্রতিবাদের ভাষা হতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222