গণভোটের রায় অস্বীকার করলে সংসদ নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: আমীরে মজলিস

by hsnalmahmud@gmail.com

গণভোটের রায় অস্বীকার করলে সংসদ নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএমের আমীর আল্লামা মামুনুল হক।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ময়মনসিংহ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

আল্লামা মামুনুল হক বলেন, আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসকে জাতীয় রাজনীতিতে এমন অবস্থানে নিতে চান, যাতে দলটিকে বাদ দিয়ে সরকার গঠন করা অসম্ভব হয়ে পড়ে। এ লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, গণভোটের রায় অস্বীকার করা হলে সংসদ নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রশাসনের দলীয়করণ বন্ধ করাসহ রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনে এককভাবেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত নতুন করে শুরু হওয়া ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, “আমরা শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করব, ইনশাআল্লাহ। তাই শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজ নতুন করে যে রাজনৈতিক কর্মসূচি শুরু হয়েছে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, সেই নতুন আন্দোলনকে আমরা স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, ‘বাংলার প্রতিটি অঞ্চল থেকে আমরা একই সুরে বলতে চাই, শরীফ হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে আদায় করি।’

শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে দেশব্যাপী এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আল্লামা মামুনুল হক হত্যাকাণ্ডের বিচার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএম ময়মনসিংহ জেলা সভাপতি ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222