কওমী মাদরাসাসহ দেশের হক্কানী ওলামায়ে কেরাম ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতীব মাওলানা আব্দুল মালেক সাহেবকে নিয়ে ধারাবাহিক কটূক্তি ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে জামায়াতপন্থী বক্তা তারেক মনোয়ার ও আমীর হামজাদেরকে কঠোর হুশিয়ারী দিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারীতে ‘আল আমিন সংস্থার’ ৩ দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে বাদ মাগরিবের বয়ানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, “কওমী মাদরাসা হলো এদেশে ইসলাম রক্ষার অন্যতম দুর্গ। আর বায়তুল মোকাররমের খতীব হচ্ছেন কওমী মাদরাসাসহ পুরো জাতির ধর্মীয় অভিভাবক। তাঁর বিরুদ্ধে কথা বলা মানে পুরো আলেম সমাজের বিরুদ্ধে কথা বলা। তারেক মনোয়ার ও আমীর হামজার মতো জামাতী বক্তারা ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য একেরপর এক মনগড়া, মিথ্যা ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা মুখ সামলিয়ে কথা বলো। কওমী ওলামায়ে কেরাম এবং বায়তুল মোকাররমের খতীব সাহেবকে নিয়ে আর কোনো কটূক্তি করলে দেশের হক্কানী ওলামায়ে কেরামসহ কওমী মাদরাসার উস্তাদ, ছাত্র ও তৌহিদী জনতা চুপ করে বসে থাকবে না। আপনাদের ইতিহাস জাতি জানে। ধর্মের নামে ফেতনা সৃষ্টি বন্ধ করুন।”
তিনি বলেন, যারা কওমী মাদরাসা ও বায়তুল মোকাররমের মতো জাতীয় প্রতিষ্ঠান নিয়ে বিষোদগার করে, তারা মূলত ইসলামের শত্রু ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন তিনি।
