তাসাউফ ও আত্মশুদ্ধির চর্চার মাধ্যমেই কেবল একজন মানুষ তার জীবনকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করে গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা আবুল কাসেম নোমানী। তিনি বলেন, আত্মশুদ্ধি অর্জনের জন্য সর্বদা বিশুদ্ধ নিয়ত এবং সঠিক দ্বীনি পদ্ধতির অনুসরণ করা অপরিহার্য। সহিহ বুখারির প্রথম হাদিসেই নিয়তের বিশুদ্ধতার ওপর আমলের গ্রহণযোগ্যতা নির্ভরশীল বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার মসজিদে আয়োজিত এক বিশাল ইসলামী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরজাবাদ জামিয়ার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়ার সভাপতিত্বে এবং মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জামিয়ার নাজিমে তালিমাত ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ দেশের শীর্ষস্থানীয় বরেণ্য আলেম-উলামাগণ।
অনুষ্ঠানে উপস্থিত কওমি মাদ্রাসার হাজারো শিক্ষার্থীদের উদ্দেশে দেওবন্দের মুহতামিম বলেন, কোরআন ও হাদিসের বিশুদ্ধ ও মৌলিক জ্ঞান অর্জনের জন্য আকাবিরে দেওবন্দের বুযুর্গদের রচিত গ্রন্থসমূহ গভীরভাবে অধ্যয়ন করতে হবে। বিশেষ করে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.), শাইখুল ইসলাম মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ.), ক্বারী মুহাম্মদ তৈয়্যব (রহ.) এবং ফকীহুল উম্মত মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী (রহ.)-এর মালফুযাত, মাকতুবাতসহ অন্যান্য মূল্যবান রচনাবলি অধিক পরিমাণে অধ্যয়নের তাগিদ দেন তিনি।
বর্তমান প্রজন্মের প্রযুক্তির আসক্তি নিয়ে সতর্ক করে মাওলানা আবুল কাসেম নোমানী বলেন, মোবাইল ফোন ব্যবহারে প্রত্যেককে সর্বোচ্চ সংযত থাকতে হবে। অহেতুক ও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারের কারণে মানুষের বহুমুখী আমল, আখলাক ও সুন্দর চরিত্রের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। তাই সময়ের সঠিক সদ্ব্যবহার করার পরামর্শ দেন তিনি। আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভারতের এই প্রখ্যাত আলেম।
টিএইচএ/
