গাজায় চলমান ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে লন্ডনে যুদ্ধবিরোধী সংগঠনগুলোর উদ্যোগে এক বৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মধ্য লন্ডনে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও প্রতিদিনই গাজায় হামলা চালিয়ে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল, আর বিশ্বনেতারা এ নৃশংসতার বিরুদ্ধে নীরব অবস্থান নিয়েছে।
প্রচণ্ড শীত ও বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ হাইড পার্ক কর্নার থেকে হোয়াইটহল পর্যন্ত মিছিল করে। পুরো পথজুড়ে ইসরায়েলবিরোধী ও ফিলিস্তিনের পক্ষে স্লোগানে মুখর ছিল বিক্ষোভকারীরা। আয়োজকরা জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও গত কয়েক মাসে বিক্ষোভকারীর সংখ্যা কখনোই কমেনি।
বিক্ষোভে বিভিন্ন যুদ্ধবিরোধী সংগঠনের নেতারা বক্তব্য রেখে বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদের অবৈধ দখলদারিত্ব প্রত্যাহার করতে হবে। এছাড়া তারা ব্রিটেন সরকারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করারও দাবি জানান।
বিক্ষোভকারীরা ইসরায়েলের ওপর অভিযোগ তোলেন যে, তারা খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাদের মতে, গাজার মানুষ প্রতিদিন বোমাবর্ষণের পাশাপাশি ক্ষুধা ও অভাবেও প্রাণ হারাচ্ছে। দ্রুত খাদ্য ও জরুরি পণ্য গাজায় প্রবেশের অনুমতি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
