রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের কর্মসংস্থান, উচ্চশিক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত ১১তম আরসিএফ (RUET Career Forum) ক্যারিয়ার ফেয়ার ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ ও ১১ জুলাই রুয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান, মানবসম্পদ বিশেষজ্ঞ, সফল বিসিএস ক্যাডার এবং উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শকদের অংশগ্রহণে আয়োজনটি শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়।
মেলার প্রথম দিন সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, প্রতিযোগিতামূলক কর্মবাজারে একাডেমিক ফলাফলের পাশাপাশি বাস্তব দক্ষতা ও শিল্পখাতের সাথে পরিচিতি অত্যন্ত জরুরি।
দুই দিনের এই আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১ হাজার ৫০০টি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা। এর মধ্যে সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অন-ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে ৬০ জনেরও বেশি শিক্ষার্থীর সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে। এছাড়া মেলায় বিসিএস ক্যারিয়ার সংক্রান্ত সেমিনারে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন রুয়েটের সফল বিসিএস ক্যাডার মো. রাইসুর রহমান রাব্বি, মো. হাসিবুল হাসান সিফাত এবং রিফাত হুসাইন আকন্দ পুলক।
দ্বিতীয় দিনের আয়োজনে ছিল বিদেশে উচ্চশিক্ষা, আইইএলটিএস এবং স্পোকেন ইংলিশ বিষয়ক বিশেষ সেশন। একই দিনে অনুষ্ঠিত এইচআর সামিটে ওয়ালটন, প্রাণ-আরএফএল, বিএসআরএম ও মেঘনা গ্রুপ অব ইন্ডিাস্ট্রিজের (এমজিআই) মতো শীর্ষ প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিরা কর্পোরেট সংস্কৃতি, নিয়োগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় সফট স্কিল নিয়ে আলোচনা করেন। এতে শিক্ষার্থীরা সরাসরি বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করার সুযোগ পান।
১১ জুলাই বিকেলে প্রশাসনিক ভবনে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে। রুয়েট ক্যারিয়ার ফোরামের উপদেষ্টা অধ্যাপক আবু ইসমাঈল সিদ্দিকী সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি ফজলে রাব্বি জানান, এক দশকেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাওয়া এ সংগঠনটি ভবিষ্যতেও দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
টিএইচএ/
