ঢাকায় জাতিসংঘ অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি হেফাজতের

by hsnalmahmud@gmail.com

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে ঐতিহাসিক বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি আল্লামা মাওলানা মামুনুল হক। তিনি তার বক্তব্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে সুস্পষ্ট হুমকি হিসেবে আখ্যা দেন।

বিজ্ঞাপন
banner

মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের যে প্রত্যাশা ছিল, তারা তা উপেক্ষা করে পশ্চিমা প্রভাবিত সিদ্ধান্ত নিচ্ছে। বিচারবহির্ভূত হত্যা, গুম ও নিখোঁজদের বিচার নিশ্চিত না করে এখন আন্তর্জাতিক সংস্থার জন্য দরজা খুলে দেওয়া মানে অপরাধীদের দায়মুক্তি ও জনগণের সঙ্গে প্রতারণা।’

তিনি আরও বলেন, ‘ড. ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। কিন্তু জনগণের মতামত উপেক্ষা করে জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার অফিস প্রতিষ্ঠার কোনো অধিকার আপনাদের নেই। জাতিসংঘের তথাকথিত মানবাধিকার আসলে ইসলাম ও মানবতার বিরুদ্ধে পশ্চিমা আদর্শের অস্ত্র।’

সমাবেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আজ শুধু প্রাথমিক প্রতিবাদ করছি। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, হেফাজতে ইসলাম বাংলাদেশ সারা দেশে তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।’

সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিদেশি হস্তক্ষেপ বৈধতা পাচ্ছে, যা দেশের সংবিধান, ধর্মীয় মূল্যবোধ ও নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে হুমকিস্বরূপ। এটি সরকারের জনবিচ্ছিন্নতা এবং জাতীয় স্বার্থ অবজ্ঞারও প্রতিফলন।

হেফাজতের পক্ষ থেকে তিন দফা দাবি উপস্থাপন করা হয়:

১. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।
২. দেশের মানবাধিকার পরিস্থিতি স্বাধীন জাতীয় প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে পর্যালোচনা করতে হবে।
৩. বিচারবহির্ভূত হত্যা, গুম ও খুনের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এর অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি সংস্থার হস্তক্ষেপ কোনভাবেই বরদাশত করা হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আব্দুর রব ইউসুফী, নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালালুদ্দীন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা এনামুল হক মুসা, মুফতী শরীফুল্লাহ, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা এহসানুল হক, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মাওলানা জোবায়ের রশীদ, মাওলানা এহতেশামুল হক সাকী প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222