আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বড় পদক্ষেপ নিয়েছে প্রতিবেশী দেশ ইরান। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অংশ হিসেবে সম্প্রতি কাবুলে তালেবানের মান নিয়ন্ত্রণ (স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি) সংস্থার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানি রাষ্ট্রদূত। একই সঙ্গে কারিগরি সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক জোরদারে তালেবান প্রতিনিধিকে ইরান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) তালেবানের মান নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা বেগদেলি ও তালেবানের মান নিয়ন্ত্রণ সংস্থার প্রধান আবদুল্লাহ বশিরের মধ্যকার এই বৈঠকটি কেবল বাণিজ্যিক মান যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি দুই প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান উষ্ণ সম্পর্কের একটি বড় প্রতিফলন।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূত আলী রেজা বেগদেলি জানান, মান নির্ধারণ, মানদ্যায়ন এবং কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে তালেবান প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তেহরান। এ লক্ষ্যে নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতা ভাগাভাগি করতে তালেবানের মান নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ কর্মকর্তাদের ইরান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি। ইরানি রাষ্ট্রদূতের এই আমন্ত্রণকে তালেবান সরকারের সঙ্গে তেহরানের সম্পর্ক আরও গভীর করার একটি বড় কূটনৈতিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে আবদুল্লাহ বশির দুই দেশের সামগ্রিক বাণিজ্যের মান উন্নত করার ওপর জোর দেন। তিনি বলেন, আমদানি ও রপ্তানি করা পণ্যের গুণগত যোগ্যতা বজায় রাখা তাঁদের সংস্থার মৌলিক দায়িত্ব এবং দুই দেশের ব্যবসায়ীদেরই এ বিষয়ে আরও যত্নশীল হতে হবে।
বৈঠক শেষে উভয় পক্ষই দ্বিপাক্ষিক গঠনমূলক আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা, বিশেষায়িত সহযোগিতার পরিধি বাড়ানো এবং বিদ্যমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আফগানিস্তান ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
সম্প্রতি নিম্নমানের তেল ও অন্যান্য সামগ্রী বহন করার অভিযোগে ইরান থেকে আসা কিছু পণ্যবাহী ট্রাক আফগান সীমান্ত থেকে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছিল। তবে সেই তিক্ততাকে এড়িয়ে, আলোচনার টেবিলে বসে এ সমস্যার কারিগরি ও কূটনৈতিক সমাধান খোঁজার এই যৌথ উদ্যোগ প্রমাণ করে যে—তালেবান প্রশাসনের সঙ্গে তেহরানের বোঝাপড়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক এখন এক নতুন ও পরিপক্ব উচ্চতায় পৌঁছেছে। সূত্র: আরিয়ানা নিউজ
