কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার ১৪৪৭ হিজরী/২০২৬ সালের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল আগামী ২৪ মার্চ, মঙ্গলবার প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ।
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ সূত্রে জানা গেছে, ৪ শাওয়াল ১৪৪৭ হিজরী মোতাবেক ২৪ মার্চ দুপুর ২টার পর আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হবে।
ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় সংস্থাটির চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান (দামাত বারাকাতুহুম) ফলাফল ঘোষণা করবেন। এ সময় পরীক্ষা মনিটরিং সেলের সদস্য, পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
আজ মঙ্গলবার ৩৬ নিউজকে চেয়ারম্যানের আদেশক্রমে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে ব্যক্তিগত ও মাদরাসাভিত্তিক ফলাফল দেখতে পারবেন। এজন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল সংগ্রহ করা যাবে।
এছাড়া সংশ্লিষ্ট মাদরাসার অ্যাডমিনরা HEMS সফটওয়্যারের নিজ নিজ আইডিতে লগইন করে তাদের প্রতিষ্ঠানের ফলাফল প্রিন্ট করতে পারবেন। বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডির মাধ্যমে অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখা ও প্রিন্ট করার সুযোগ পাবেন।
হাআমা/
