হাসান আল মাহমুদ >>
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুল মালেক বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে মসজিদের ইমাম ও খতিবদের মতামত নেওয়া হয় না। শুধু পানি পড়া আর দোয়ার জন্য প্রয়োজন পড়লেই আমাদের স্মরণ করা হয়। অথচ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের পক্ষ থেকে লালবাগ, চকবাজার, আন্দরকিল্লা বা বায়তুল মোকাররমের কোনো খতিবের সঙ্গে পরামর্শ করা হয়নি।’
শুক্রবার (৪ জুলাই) জুমার খুতবার আগে আলোচনায় তিনি এসব বলেন।
খতিব জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার তীব্র সমালোচনা করে বলেন, কুরআন-হাদীসের বিধানকে উপেক্ষা করে জাতিসংঘের নামে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে— এটা বাংলাদেশের মুসলমানদের জন্য চরম লজ্জার বিষয়। আর যিনি এই অফিসের প্রধান হিসেবে আসছেন, তিনি নাকি সমকামী! এটা সরকারের জন্য এবং জাতির জন্য অত্যন্ত অপমানজনক সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, সরকার একজন বিজ্ঞ আলেমকে ধর্ম উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে, যা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এমন স্পর্শকাতর ইস্যুতে ওই উপদেষ্টার কোনো পরামর্শ না নেওয়া হতাশাজনক।’
শেষে সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিদায় নিতে চাচ্ছেন— কিন্তু যাওয়ার আগে এমন কাজ করে গেলে জাতি আপনাদের কখনো ক্ষমা করবে না।’
হাআমা/
