নিজস্ব প্রতিবেদক:
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধার ও আহতদের চিকিৎসার্থে সেনা সহায়তা পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ। জাতীয় সংসদে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই তথ্য জানিয়েছেন চিফ হুইফ নূরুল ইসলাম মনি।
এ বিষয়ে নেপালের সঙ্গে কথাবার্তাও চলছে বলে জানান চিফ হুইফ নূরুল ইসলাম মনি।
এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, দুর্গত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৭৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ৩৩ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া উদ্ধার ও ত্রাণকাজে এখন পর্যন্ত ৩ হাজার ৩১৮ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ভয়াবহ ভোতে কোশি নদীর বন্যার পর ৬৪৪ জন পর্যটকের সঙ্গে এখনো যোগাযোগ করা যাচ্ছে না।
বোর্ডের মুখপাত্র সুনীল শর্মার তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে প্রায় ১৭৮ জন ভারতীয় পর্যটক রয়েছেন। এ ছাড়া ১২৭ জন নেপালি, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৬৫ জন মার্কিন, ৩৫ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
শর্মা বলেন, নিখোঁজ পর্যটকদের সন্ধান ও উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
