মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নতুনভাষা শিখুন
তিনি বলেন, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ইউনিট জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়।
