বাংলাদেশ ও জাইকার সহযোগিতা আরও সম্প্রসারিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা আধুনিকীকরণ, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার এই দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা আরও বহুমুখী ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন মন্ত্রী।

রোববার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকে বাংলাদেশ ও জাইকার যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়ন নিয়ে দুই পক্ষই বিস্তারিত মতবিনিময় করেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। জনকল্যাণমূলক এবং উন্নয়ন প্রকল্পগুলো যেন সঠিক সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, সে বিষয়ে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্য অর্জনে সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার ব্যবস্থাকে আধুনিক, কার্যকর, শক্তিশালী ও জনবান্ধব করতে সরকার আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এ ক্ষেত্রে জাইকার উন্নত কারিগরি সহায়তা, বৈশ্বিক অভিজ্ঞতা ও আর্থিক বিনিয়োগ বাংলাদেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিপাক্ষিক এই উচ্চপর্যায়ের বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান (এনডিসি) এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222