আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের সংসদীয় ৩০০ আসনের জন্য নিয়োগপ্রাপ্ত ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা আজ মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ-বাতিল প্রার্থীদের সংখ্যা জানাবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে নির্ধারিত ৭টি নির্দেশনা অনুসরণ করতে হবে। আপিল দায়েরের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
আপিল দায়েরের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০টি বুথ থাকবে। বুথ নং-১ (খুলনা অঞ্চল), বুথ-২ (রাজশাহী অঞ্চল), বুথ-৩ (রংপুর অঞ্চল), বুথ-৪ (চট্টগ্রাম অঞ্চল), বুথ-৫ (কুমিল্লা অঞ্চল), বুথ-৬ (সিলেট অঞ্চল), বুথ-৭ (ঢাকা অঞ্চল), বুথ-৮ (ময়মনসিংহ অঞ্চল), বুথ-৯ (বরিশাল অঞ্চল) এবং বুথ-১০ (ফরিদপুর অঞ্চল) সংশ্লিষ্ট জেলার আপিল আবেদন গ্রহণ করবে।
আজ রোববার (৪ জানুয়ারি) ইসি থেকে এসব তথ্য জানানো হয়।
ইসি সূত্রে জানা যায়, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রতি সংসদ নির্বাচনের মতো এবারও ইসির ১০ প্রশাসনিক অঞ্চলের জন্য ১০টি বুথের মাধ্যমে আপিল আবেদন গ্রহণ করা হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
এআইএল/
