ভারতের কলকাতায় লিওনেল মেসির সফর ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলায় বেসামাল পুরো দৃশ্যপট। এ ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হলেন প্রধান আয়োজক শতদ্রু দত্ত। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে নজিরবিহীন অব্যবস্থাপনা, নিরাপত্তা ঘাটতি এবং দর্শকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তার নামে। মেসি ও তার সতীর্থরা শহর ছাড়ার পর বিমানবন্দর থেকে শতদ্রুকে আটক করে কলকাতা পুলিশ।
মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা হিসেবে অনুষ্ঠানের যাবতীয় পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব ছিল শতদ্রু দত্তের উপরেই। কিন্তু বাস্তবে তার উল্টো ছবি ধরা পড়ে। হাজার হাজার দর্শক মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কাটলেও মাঠে প্রবেশ ও অনুষ্ঠান উপভোগের ন্যূনতম সুযোগ পাননি।
যুবভারতীর গ্যালারিতে চেয়ার ভাঙচুর, বোতলবৃষ্টি, ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়া এবং আগুন জ্বালানোর চেষ্টার মতো ঘটনায় স্পষ্ট হয়ে যায় পরিস্থিতি আয়োজকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনায় ঘাটতি, বেশি টিকিট বিক্রি এবং দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই সমস্ত অভিযোগের সূত্র ধরেই প্রধান আয়োজক হিসেবে শতদ্রুকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ে বলে মনে করছে পুলিশ।
এআইএল/
