বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতার অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাজ্য সরকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে। আপাতত ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অরূপ বিশ্বাস ক্রীড়ার পাশাপাশি যুবকল্যাণ, আবাসন ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে তিনি শুধু ক্রীড়ামন্ত্রীর পদ থেকেই ইস্তফা দিয়েছেন; অন্য মন্ত্রণালয়গুলোর দায়িত্বে তিনি বহাল থাকছেন।
গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির গাড়ি প্রবেশের পর তাঁকে একনজর দেখতে বিপুলসংখ্যক দর্শক জড়ো হন। একপর্যায়ে দর্শকদের একাংশ ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে দিতে প্রাচীর ভেঙে মাঠে ঢুকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাফ নামানো হয়।
এ সময় স্টেডিয়ামের ভেতরে গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলা হয় এবং সাজঘরে যাওয়ার টানেলের ছাউনিতে ভাঙচুর চালানো হয়। স্টেডিয়ামের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।
এ ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করে লিওনেল মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চান। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।
টিএইচএ/
