যশোরে জামায়াত এমপির বাসায় হামলার নিন্দা জানালো জামায়াত

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ নিন্দা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসুলের বাসভবনে একদল সন্ত্রাসী এ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। তিনি উক্ত হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, একজন জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের বাসায় এ ধরনের কাপুরুষোচিত হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দেবে। তিনি হামলার মূল পরিকল্পনাকারী, জড়িত সদস্য এবং উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে কঠোর আইনি বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান।

ঘটনার পটভূমি তুলে ধরে তিনি জানান, সংসদ সদস্য গোলাম রসুলের এক কন্যা মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতের হায়দরাবাদসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। একজন মানসিক রোগীর কোনো বিশেষ আচরণকে কেন্দ্র করে, যা ইতোমধ্যে মীমাংসিত হয়েছে, পুনরায় হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ইতোমধ্যে সব তথ্য পরিষ্কার করার পরও ‘মব’ সৃষ্টি করে উসকানি দেওয়ার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তারা মনে করছেন।

গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদাই দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি চরম শ্রদ্ধাশীল। দুর্বৃত্তায়ন কিংবা কৃত্রিম ‘মব জাস্টিস’ তৈরি করে জামায়াতকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে যেসব টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনভিপ্রেত।

বিবৃতির শেষে তিনি ঘটনার প্রকৃত সত্যতা তুলে ধরে সংবাদ পরিবেশন করার এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সাথে সীমান্ত ও স্থানীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222