রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য রাবি অধ্যাপক ড. হীরা সোবাহান

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হীরা সোবাহান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা সরকারি অবসরের তারিখ, যার সময়সীমা আগে আসবে, সেই সময় পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল থাকবেন। এই মেয়াদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুসরণের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত যাবতীয় দায়িত্ব পালন করতে হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

বিজ্ঞাপন
banner

নতুন পদে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. হীরা সোবাহান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে শিক্ষা, মানসম্মত গবেষণা এবং মেধা-মনন চর্চার ক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাঁর মূল লক্ষ্য।

ড. হীরা সোবাহান ১৯৭০ সালের ২৪ মে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৯৩ সালে বিএফএ এবং ১৯৯৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে এমএফএ ডিগ্রি লাভ করেন।

শিক্ষাকতায় আসার আগে তিনি বাংলাদেশ টেলিভিশনে খণ্ডকালীন গ্রাফিক শিল্প নির্দেশক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির অধীনে পরিচালিত এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় কিউরেটর-কাম-সিনিয়র চারুকলা প্রশিক্ষক হিসেবে সেবা দিয়েছেন। পরবর্তীতে ২০০৬ সালের ২ জুলাই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে তাঁর বিশ্ববিদ্যালয়ের কর্মজীবন শুরু করেন।

পরবর্তীকালে ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই ‘বাংলাদেশের ছাপচিত্রকলা এবং তিনজন শিল্পী: সফিউদ্দীন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া ও মনিরুল ইসলাম (১৯৪৮–২০০৮)’ শীর্ষক থিসিসের মাধ্যমে দেশের ছাপচিত্র বিষয়ে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনের গৌরব লাভ করেন তিনি। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।

তিনি শিল্পচর্চায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শতাধিক একক এবং দলীয় আর্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে লাভ করেছেন একাধিক পুরষ্কার ও সম্মাননা। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘ছাপচিত্রকলা’, ‘ছাপাই ছবির করণকৌশল’ এবং ‘চারুকলার কৌশলাদি’। একই সাথে তিনি শিল্পবিষয়ক ষান্মাসিক সাময়িকী ‘শিল্পকথা’র সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং স্বীকৃত বিভিন্ন গবেষণা জার্নালে তাঁর একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

পেশাগত কাজের পাশাপাশি তিনি শিক্ষক রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222