বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানা গেছে।
রোববার (৯ আগস্ট) বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজেদের প্রার্থী হিসেবে মনোনীত করল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দলের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ দলীয় প্রধান তারেক রহমান তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেন।
এর আগে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির পক্ষে একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। অন্যটি সংগ্রহ করেছেন সরকারদলীয় চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। তবে এই দুটি ফরম কার নামে জমা দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হচ্ছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম।
