রুয়েটে ‘এমএসই ডে ২০২৬ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন মিট ২.০’ অনুষ্ঠিত

by Abid vs36

রুয়েট প্রতিনিধি: গবেষণা, উদ্ভাবন এবং শিল্পখাতের সঙ্গে একাডেমিয়ার কার্যকর সংযোগ জোরদারের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘এমএসই ডে ২০২৬ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন মিট (IACM) ২.০’।

মঙ্গলবার (২৮ জুলাই) গবেষক, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, কর্পোরেট প্রতিনিধি, অ্যালামনাই এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

দিনের শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এরপর ২০ সিরিজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় থিসিস প্রেজেন্টেশন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা নিজেদের গবেষণা, উদ্ভাবনী ধারণা এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করেন। গবেষণার গুণগত মান, উপস্থাপনার দক্ষতা এবং শিল্পক্ষেত্রে সম্ভাব্য প্রয়োগের ভিত্তিতে এসব কাজের মূল্যায়ন করা হয়। পরবর্তীতে আয়োজিত কী-নোট সেশন, প্যানেল আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা দক্ষ মানবসম্পদ তৈরি, আধুনিক গবেষণার ধারা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরা দেশের শীর্ষ গবেষক ও শিল্পখাতের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনার সুযোগ পান।

অনুষ্ঠানে বুয়েটের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. ইমরান হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিংয়ের সভাপতি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল ইসলামসহ শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল চারটি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর। রুয়েটের এমএসই বিভাগের সঙ্গে এসিআই প্রিমিয়াফ্লেক্স, ইন্টারলিঙ্ক ইন্টারন্যাশনাল ক্রিস্টাল বায়োটেক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং এবং হোলোপ্লাসের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আয়োজকদের মতে, এসব সমঝোতার মাধ্যমে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, ইন্টার্নশিপ, শিল্পভিত্তিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সমাপনী পর্বে অতিথি বক্তারা শিক্ষার্থীদের কেবল একাডেমিক ফলাফলের ওপর নির্ভর না করে গবেষণা, সমস্যা সমাধানের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পরামর্শ দেন। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে, যা ভবিষ্যতে দেশীয় শিল্পোন্নয়ন ও দক্ষ প্রকৌশলী তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222