আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় জোনে অবস্থিত সেনাবাহিনীর ‘২১৭ ওমারি কোর’ পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ।
মঙ্গলবার (৭ জুলাই) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
সফরকালে প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদ ২১৭ ওমারি কোরের কমান্ডার শরাফুদ্দিন তাকি এবং তাঁর ডেপুটিসহ কোরের বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিদর্শনে প্রতিরক্ষামন্ত্রী ওমারি কোরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও সামরিক বিষয়াবলী পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছেন। এ সময় দায়িত্বরত কর্মকর্তারা তাঁদের বর্তমান কার্যক্রমের প্রতিবেদন মন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিরক্ষামন্ত্রী কোরের সাংগঠনিক ব্যবস্থাপনার আরও উন্নতি, বিভিন্ন ইউনিটের মধ্যে পেশাগত সমন্বয় জোরদার করা এবং অর্পিত দায়িত্বের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ও সুপারিশ প্রদান করেন। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
