বিনোদন ডেস্ক: ভারতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগে অনশনরত প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। এদিকে আন্দোলনের ২১তম দিনে আজ শনিবার স্বাস্থ্যের চরম অবনতি ঘটলে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তরের অনশনস্থল থেকে উদ্ধার করে সফদরজং হাসপাতালে ভর্তি করেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি হাইকোর্টের নির্দেশনা এবং চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাঁর প্রয়োজনীয় চিকিৎসার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরের ঠিক আগের দিন রাতে হৃতিক রোশন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন। অভিনেত্রী লিসা রায়ের শেয়ার করা ওই ভিডিওতে ওয়াংচুককে প্রশ্নপত্র ফাঁসের কারণে শিক্ষার্থীদের মানসিক ট্রমা ও হতাশা নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওর প্রতিক্রিয়ায় নিজের জনপ্রিয় সিনেমা ‘সুপার ৩০’-এর কথা স্মরণ করে হৃতিক লেখেন, “কথাগুলো একদম সত্যি। আমার একটি সিনেমায় শিক্ষকের চরিত্রে অভিনয় করার সময় আমি খুব কাছ থেকে অনুধাবন করেছি যে শিক্ষার্থীরা ঠিক কতটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যায়।” ২০১৯ সালের ব্লকবাস্টার ছবি ‘সুপার ৩০’-এ হৃতিক বিহারের প্রখ্যাত গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আইআইটি-জেইই পরীক্ষার জন্য বিনামূল্যে প্রস্তুত করতেন।
উল্লেখ্য, নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে যন্তর মন্তরে আন্দোলন শুরু করে ‘ককরোচ জনতা পার্টি’। পরবর্তীতে গত ২৮ জুন থেকে তাঁদের সাথে যোগ দিয়ে আমরণ অনশন শুরু করেন ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনে ইতিমধ্যে তাঁর ওজন প্রায় ৯ কেজি হ্রাস পেয়েছে। হৃতিক রোশনের এই প্রকাশ্য সমর্থন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে, কারণ বলিউডের অন্য শীর্ষ তারকারা যখন এই স্পর্শকাতর ইস্যুতে নীরব ভূমিকা পালন করছেন, তখন হৃতিকই প্রথম সারির তারকা হিসেবে শিক্ষার্থীদের অধিকার ও সুরক্ষায় সাহসী অবস্থান নিলেন।
তথ্যসূত্র: এনডিটিভি
টিএইচএ/
