পাবনার ভাঙ্গুড়া পৌরসভার কুমড়াডাঙ্গা এলাকা থেকে ছাত্রলীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন (২৮)–কে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) বিকেলে ‘ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মামুন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের কনিষ্ঠ পুত্র। তিনি ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দুই জায়গাতেই তিনি ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ঢাকায় পড়াশোনার সময় ৫ বছর আগে মামুন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে মনোনীত হন। যদিও গত বছর ওই কমিটি বিলুপ্ত করা হয়, তবে নতুন কমিটি এখনও গঠিত হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে গেলেও মামুন প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশ বলছে, তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হচ্ছিল।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মামুনকে বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
হাআমা/
