বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় স্টাডি সার্কেলে আলোচকরা সতর্ক করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশে পুনরায় অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং দীর্ঘ গণআন্দোলনের অর্জন নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল (২৫ আগস্ট) সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্যদের নিয়ে গুগল মিট প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ স্টাডি সার্কেলে জুলাই সনদের বিভিন্ন ধারা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়।
আলোচকরা বলেন, জুলাই সনদ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য এ সনদের বাস্তবায়ন অপরিহার্য। তারা হুঁশিয়ারি দেন, নির্বাচন যদি আবারও কোনো বিশেষ স্বার্থগোষ্ঠীর হাতে বন্দি হয়, তাহলে জনগণের দীর্ঘ সংগ্রাম ব্যর্থ হবে এবং দেশে নতুন সংকট দেখা দেবে।
বক্তারা মনে করিয়ে দেন, সুষ্ঠু ভোটের জন্য নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ রাখা এবং প্রশাসন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে পুনর্গঠন ছাড়া বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোও যদি আন্তরিকভাবে সনদ বাস্তবায়নে আগ্রহী হয়, তবে জনগণের আস্থা ফিরে আসবে।
তাদের মতে, জুলাই সনদ বাস্তবায়িত হলে একটি স্থিতিশীল, জনগণের আকাঙ্ক্ষাভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু এ সনদ উপেক্ষা করা হলে দেশ আবারও সংঘাত, সহিংসতা ও অনিশ্চয়তার মুখে পড়বে।
হাআমা/
