মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী চার দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের পর রাজধানীতে বৃষ্টি বাড়তে পারে, তবে এর মাত্রা খুব বেশি হবে না। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, শনিবার বৃষ্টি কিছুটা কমলেও রবিবার থেকে আবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তিনি বলেন, “মৌসুমী বায়ু আগের চেয়ে সক্রিয় হয়েছে। সাম্প্রতিক লঘুচাপ ও স্থল নিম্নচাপের কারণে প্রচুর জলীয়বাষ্প যুক্ত হওয়ায় বৃষ্টি বেড়েছে।”
অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী—
- শুক্রবার: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে, আর রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- শনিবার: একই ধরনের আবহাওয়া বজায় থাকবে, তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
- রবিবার: বৃষ্টি আবার বাড়বে। অধিকাংশ বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
- সোমবার: দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
- মঙ্গলবার: একই ধরনের আবহাওয়া থাকবে, তবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে—এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।
হাআমা/
