রাজধানীর তুরাগ এলাকা থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১০৪ ঘণ্টা পর অবশেষে ‘জুলাই যোদ্ধা’ মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) জুমার নামাজের পর নারায়ণগঞ্জের পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়।
মাওলানা মামুনুর রশীদ তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন।
এর আগে গত রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী খাদিজা তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মামুন নিখোঁজ থাকায় তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় ছিল। শুক্রবার তার সন্ধানের দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনও করেন তার স্ত্রী, মা-বাবা ও স্বজনরা। মানববন্ধনে স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে নিরাপদে স্বামীকে ফিরে পাওয়ার জন্য সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তাকে পূর্বাচল থেকে উদ্ধার করা সম্ভব হলো।
হাআমা/
