জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে দলগুলো একমত হয়েছে। দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় আসার জন্য সচেষ্ট হয়েছে।”
তিনি আরও বলেন, “এ বিষয়ে ইতোপূর্বে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলা হয়েছিল। এখন অনেকেই এ বিষয়ে কিছুটা সরে আসছেন। তাই দলগুলোকে ধন্যবাদ। আশা করি, একটি সুনির্দিষ্ট সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিতে পারব। প্রধান উপদেষ্টাকে বলেছি, আমরা ১৫ অক্টোবরের মধ্যে একটি মীমাংসায় পৌঁছাতে পারব।”
জুলাই সনদে স্বাক্ষরের জন্য তিন-চতুর্থাংশ দলের কাছে নাম প্রস্তাব পাঠানো হয়েছে। অধ্যাপক আলী রীয়াজ জানান, অনেকে ইতিমধ্যেই নাম দিয়েছে, অনেকে এখনো দেয়নি। দ্রুত নাম দেওয়ার জন্য দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
অধিকন্তু, দু-এক দিনের মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে আবারও বৈঠকে বসবে কমিশন, জানিয়েছেন সহসভাপতি।
বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
