আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকারের সাধারণ গোয়েন্দা অধিদপ্তরের (জিডিআই) প্রধান আব্দুল হক ওয়াসিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তারা পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে আরিয়ানা নিউজকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
আফগানিস্তান ও পাকিস্তানের এই বৈঠক বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে।
গত কয়েক মাসে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র হামলা বেড়ে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ইসলামাবাদ অভিযোগ করেছে, এসব হামলার পেছনে থাকা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে ইমারাতে ইসলামিয়া এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
গত মাসে একাধিক সংঘর্ষের পর দুই দেশের প্রতিনিধি দল আলোচনা করে অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছিল।
আগামীকাল ইস্তাম্বুল বৈঠকে ২,৬০০ কিলোমিটার দীর্ঘ আফগান-পাকিস্তান সীমান্তে স্থায়ী শান্তি ও সহযোগিতার একটি কাঠামো গঠনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। পাশাপাশি সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার ও নিরাপত্তা সমন্বয় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
আলোচনার আগে পাকিস্তানের সিনেটে বক্তব্য রাখেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, “আমি তাঁদের একজন, যারা আফগানিস্তান, ইরানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইতিবাচকভাবে এগিয়ে যেতে চান। আমার কামনা ও দোয়া, যেন এসব বিষয় শান্তিপূর্ণভাবে সমাধান হয় এবং আমরা একে অপরের সহায়ক হতে পারি।”
ইস্তাম্বুল বৈঠক কাবুল ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। উভয় দেশই বর্তমানে আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিচ্ছে।
অনুবাদ: আতাউল্লাহ নাবহান মামদুহ
হাআমা/
