সৌদি আরবের রিয়াদে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটার এক যুগ পূর্তির প্রস্তুতি নিচ্ছে। ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে মরুপ্রান্তরের দেশে বাংলাদেশি সংস্কৃতি চর্চা ও বিদেশিদের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে আসছে সংগঠনটি। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন আরিফুর রহমান টিটু, মীর্জা কামাল, জাহাঙ্গীর আলম হৃদয়সহ অনেকে।
‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’—এই স্লোগানে গত ১২ বছর ধরে থিয়েটারটি নিয়মিত আয়োজন করে আসছে নাটক, সংগীত, আবৃত্তি ও নৃত্যচর্চার নানা অনুষ্ঠান। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সৌদি আরব ও বাংলাদেশে দুর্যোগকালীন বিভিন্ন সহায়তামূলক উদ্যোগও পরিচালনা করেছে সংগঠনটি।
১২ বছরের যাত্রায় বেশ কিছু উল্লেখযোগ্য প্রযোজনা মঞ্চে এনেছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। এর মধ্যে রয়েছে রেমিট্যান্স যোদ্ধা, অল্প বিদ্যা ভয়ংকর, ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল, বৃদ্ধাশ্রম, মানিক জোড়সহ আরও নানা নাটক। পাশাপাশি মঞ্চায়নের জন্য নতুন কয়েকটি নাটক—এই পিরিতি সেই পিরিতি নয়, বেয়নেট, চেয়ার সমাচার ও মলিয়া সুন্দরী—প্রস্তুত করছে দলটি।
এক যুগ পূর্তি উপলক্ষে আগামী বছরের সেপ্টেম্বর মাসে বড় পরিসরের নাট্যোৎসব আয়োজনের পরিকল্পনা করছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। নিজেদের প্রযোজনার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন নাট্যদলকে এ উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও চলছে।
সম্প্রতি সংগঠনটি নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে আলোচনা, স্মৃতিচারণা, সংগীত, আবৃত্তি ও নাট্যাংশ প্রদর্শনীর মাধ্যমে। এ ছাড়া ১১ থেকে ১৪ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে আল সোয়াইদি পার্কে অনুষ্ঠিত ‘রিয়াদ সিজন ২০২৫’-এ অংশ নেয় রিয়াদ বাংলাদেশ থিয়েটার। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নেন মনির খান, আসিফ আকবর, বেলাল খান, আকাশ মাহমুদ, ইসরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র ও হুমায়রা ইশিকাসহ অনেকে। কোরিওগ্রাফি করেন এজহারুল হক মিজান ও রুবিনা সুলতানা, উপস্থাপনায় ছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্যরা আশা করছেন, এক যুগ পূর্তির উৎসবটি হবে তাদের সাংস্কৃতিক পথচলার সবচেয়ে বৃহৎ আয়োজন।
টিএইচএ/
