আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সংকট সমাধান করতে চায় আফগানিস্তান। আফগান প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক উপ-প্রধান আবদুল সালাম হানাফি একথা জানিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে সকল বিষয় নিষ্পত্তি করার ওপর জোর দিয়েছেন তিনি।
হানাফি বলেন, ‘আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান হোক এবং আমরা বিশ্বাস করি যে, যুদ্ধ কারো উপকারে আসে না। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে সকল বিষয় নিষ্পত্তি করা উচিত, যাতে উভয় দেশ শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি বসবাস করতে পারে।’
হানাফি আরো বলেন, যুদ্ধ তার দেশের লক্ষ্য নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, আগ্রাসন হলে সার্বভৌমত্ব রক্ষা করা আফগানিস্তানের বৈধ অধিকার।
তিনি আরো বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করিনি বা কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করিনি, ভবিষ্যতেও করব না। তবে যদি কেউ এসে আগ্রাসন চালায়, তাহলে আত্মরক্ষা করা আমাদের বৈধ অধিকার। অন্যথায়, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করব না।’
সূত্র: টোলো নিউজ।
এআইএল/
