গত ২১শে নভেম্বর শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের সময় এক মাদ্রাসার শিক্ষক তার ছাত্রদের পরম মমতায় আগলে রেখে অনন্য দায়িত্ববোধের পরিচয় দিয়েছিলেন। এই শিক্ষকের নাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, যিনি সেই ভয়ানক মুহূর্তের মাঝেও প্রকৃত শিক্ষকের পরিচয় দিয়ে ছাত্রদের একসঙ্গে জড়ো করে যথাসাধ্য সুরক্ষার ব্যবস্থা করেছিলেন।
এই হৃদয়স্পর্শী দৃশ্য সেদিন সবার মনকে নাড়িয়ে দিয়েছিল। দায়িত্ব ও আমানত পালনে অনন্য উদাহরণ সৃষ্টিকারী এই শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলামকে তার এই বিরল সাহসিকতা ও দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ ‘সাধারণ আলেম সমাজ’-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
২৪শে নভেম্বর সোমবার ‘সাধারণ আলেম সমাজ’-এর জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাওলানা শফিকুল ইসলামের কর্মস্থলে উপস্থিত হয়ে তাকে এই সম্মাননা প্রদান করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন সাধারণ আলেম সমাজের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম এবং ফতোয়া সেলের সহ-সম্পাদক মুফতি নজরুল ইসলাম। তারা হাফেজ মাওলানা শফিকুল ইসলামের এমন মানবিক ও দায়িত্বশীল কাজের জন্য তাকে ধন্যবাদ জানান।
হাআমা/
