সৌদি আরব ও পাকিস্তান সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সোমবার ইসলামাবাদে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ বিন হামেদ আল–রুওয়াইলি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে পৃথক বৈঠকে এই আশ্বাস দেন।
সরকারি বিবৃতিতে জানানো হয়, বৈঠকগুলোতে দুই পক্ষ দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। বিশেষ করে যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ কর্মসূচি, দক্ষতা বিনিময় এবং সন্ত্রাস দমন কার্যক্রমে সমন্বয় আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
শেহবাজ শরিফ বৈঠকে বলেন, সেপ্টেম্বরে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রতি পাকিস্তান “অটল ও দৃঢ়”। তিনি জানান, ইসলামাবাদ প্রতিরক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক খাতসহ সব ক্ষেত্রে রিয়াদের সঙ্গে সহযোগিতা আরও প্রসারিত করতে সংকল্পবদ্ধ।
অপরদিকে, জেনারেল আল–রুওয়াইলি পাকিস্তানের সামরিক বাহিনীর সহযোগিতার প্রশংসা করেন এবং বলেন, রিয়াদ দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে বদ্ধপরিকর।
রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে সৌদি সামরিক প্রধান ও জেনারেল আসিম মুনির সামরিক–সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং সন্ত্রাসবিরোধী সমন্বয়কে “দুই দেশের নিরাপত্তা সম্পর্কের মূল স্তম্ভ” হিসেবে উল্লেখ করেন। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, উভয়পক্ষ কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
এ মাসের শুরুতেই জেনারেল আল–রুওয়াইলি রিয়াদে পাকিস্তানের চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আমের রাজার সঙ্গে বৈঠক করেন, যা সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়নে ধারাবাহিকতা বজায় রাখার অংশ বলে জানানো হয়। সূত্র: আরিয়ানা নিউজ
অনুবাদ: আতাউল্লাহ নাবহান
হাআমা/
