বাংলাদেশ খেলাফত যুব মজলিস গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে, বিএনপি চেয়ারপার্সন, দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাতির এই সংকটময় মুহূর্তে আমরা তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করছি এবং দেশবাসীর কাছেও দোয়া কামনা করছি।
আজ এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও জাকির হুসাইন একথা বলেন।
তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়া সর্বদা দৃঢ় অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ কারাবাস, রাজনৈতিক প্রতিহিংসা ও নানামুখী বাধা সত্ত্বেও তিনি যে ধৈর্য, সাহস ও দেশপ্রেম দেখিয়েছেন, তা আজও জাতির জন্য এক অনুপ্রেরণার উৎস। তাঁর বর্তমান নাজুক শারীরিক অবস্থা কেবল একটি রাজনৈতিক দলের নয়, এটি পুরো জাতির উদ্বেগের বিষয়। দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাতীয় নেত্রীর স্বাস্থ্যঝুঁকি রাষ্ট্রীয় স্থিতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি যে, মানবিকতা, ন্যায়বোধ ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের জায়গা থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনোরূপ অবহেলা না হয়। তাঁর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে অবিলম্বে সর্বোচ্চ ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করা হোক। একজন জাতীয় নেত্রীর জীবন রক্ষা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে—এটি রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস দেশবাসী ও সকল রাজনৈতিক পক্ষকে আন্তরিকভাবে আহ্বান জানায়, রাজনৈতিক অবস্থান ও মতপার্থক্য নির্বিশেষে, দেশের প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ নেত্রীর আশু সুস্থতার জন্য সকলে যেন মহান আল্লাহর কাছে দোয়া করেন। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাআমা/
