রাজধানীর হাতিরঝিল থানার যুবদল নেতা আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
গত ১৬ ডিসেম্বর আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে ওইদিন এই মামলার মূল নথি না থাকায় কারাগারে পাঠিয়ে তার ৭ দিনের রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফাতেহ আলী ও তার মেয়ে খাদিজা এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। ২০২৪ সালেত ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আসামি খাদিজা তার পিতাসহ মগবাজার ও হাতিরঝিল এলাকায় সন্ত্রাসের মাধ্যমে ভিকটিম আরিফকে তার প্রতিপক্ষ মনে করতেন। তারই প্রেক্ষিতে সুব্রত বাইন ও আসামি খাদিজার প্রত্যক্ষ প্ররোচনা এবং পরিকল্পনায় ভিকটিম আরিফকে হত্যা করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল মৃত্যু হয় তার। নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক।
এআইএল/
