কাবুলের একটি ধর্মীয় মাদরাসা থেকে সম্প্রতি একদল মেয়ে শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছে। ধর্মীয় শিক্ষা শেষ করার আনন্দ প্রকাশের পাশাপাশি তারা নারী ও কন্যাশিশুদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয় পুনরায় চালুর জন্য ইমারাতে ইসলামিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
স্নাতকদের একজন লাইলমা ওয়াহিদি বলেন, ‘আমি তিন বছর আগে পবিত্র কুরআন হিফজ শুরু করেছিলাম। আজ স্নাতকদের কাতারে থাকতে পেরে আমি খুবই আনন্দিত।’
আরেক স্নাতক হাদিয়া বলেন, ‘আমি পরিবারগুলোর প্রতি আহ্বান জানাই—তারা যেন তাদের কন্যাদের মাদরাসায় পাঠান। যদি স্কুল বন্ধ থাকে, অন্তত মাদরাসাগুলো এখনো খোলা আছে।’
মাদরাসা প্রশাসনের তথ্যমতে, এ প্রতিষ্ঠান থেকে শতাধিক মেয়ে শিক্ষার্থী স্নাতক হয়েছে এবং আরও বেশি মেয়ের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ চলছে।
মাদরাসার প্রধান আবদুল বাসির রিজওয়ান বলেন, ‘গত দুই বছরে আমরা অন্যান্য আলেম ও নারী শিক্ষিকাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছি। এর ফলেই আজ ১০২ জন শিক্ষার্থী স্নাতক হচ্ছে।’
উল্লেখ্য, প্রায় চার বছর আগে মেয়েদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর বহু নারী ও কন্যাশিশু শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ধর্মীয় মাদরাসার দিকে ঝুঁকেছেন।- সূত্র: টোলোনিউজ
অনুবাদ: হাসান আল মাহমুদ
হাআমা/
