ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে ‘ডেভিল হান্ট ফেজ–২’ এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ফয়সাল দেশের বাইরে পালিয়েছে—এমন দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ পুলিশের হাতে নেই। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলেও মন্তব্য করেন তিনি।
অতিরিক্ত আইজিপি আরও জানান, হত্যাকাণ্ডটি ঘিরে পুলিশের একাধিক ইউনিট বিভিন্ন দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং এ হত্যার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, চলমান তদন্তের মাধ্যমে দ্রুতই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
টিএইচএ/
