তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত ৩২

by Abid

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নোয়াখালী থেকে ঢাকার পথে যাত্রাকালে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার গভীর রাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে যাওয়া বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের উপর উঠে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

দুর্ঘটনায় আহত বাসযাত্রী নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল জানান, হঠাৎ বাসটি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। মুহূর্তের মধ্যেই চারদিকে চিৎকার ও আর্তনাদ শুরু হয়।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান বলেন, আনন্দের এই মুহূর্তে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেন। আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222