শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে শাহবাগের একটি অংশ অবরোধ করে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শুক্রবার কর্মসূচী অব্যাহত রাখার ঘোষণা দেন।
জাবের বলেন, ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সরকারের উপদেষ্টারা জনসমক্ষে এসে জবাব না দেওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চলবে। একই সঙ্গে হত্যার নেপথ্য পরিকল্পনাকারী, সরাসরি জড়িত হত্যাকারী এবং যারা তাদের ভারতে পালাতে সহযোগিতা করেছে—সবাই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় নিহতের ভাই ওমর বিন হাদি অভিযোগ করে বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। বিচার নিশ্চিত না হলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। তার দাবি, যদি প্রধান উপদেষ্টা চাপের মুখে থাকেন বা দেশের গোয়েন্দা সংস্থাগুলো প্রয়োজনীয় সহযোগিতা না করে, তাহলে আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থাকে দায়িত্ব দিতে হবে।
টিএইচএ/
