আগামী ৭ জানুয়ারি শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চার্জশিট জমা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শেষ করা হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, হাদির হত্যার সঙ্গে জড়িত সরাসরি অপরাধী এবং নেপথ্যে থাকা সংশ্লিষ্টদের শনাক্ত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। চার্জশিট যেন একেবারে নির্ভুল ও প্রশ্নাতীত হয়, সে লক্ষ্যেই তদন্ত কার্যক্রম অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোথাও কোনো দুর্বলতা না থাকে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সরকার একটি শত্রুতাপূর্ণ পক্ষের মোকাবিলায় রয়েছে। এ কারণে তদন্ত সংশ্লিষ্ট এমন কোনো তথ্য প্রকাশ করা হবে না, যা অপরাধীদের সুবিধা করে দিতে পারে।
পরিবেশ উপদেষ্টা বলেন, হাদির হত্যাকারীরা যদি দেশের বাইরে অবস্থান করে, সে ক্ষেত্রে তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক মাধ্যমে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ভারত জানিয়েছে, তাদের ভূখণ্ডে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা গেলে তারা সহযোগিতা করবে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি। বিষয়টি নিয়ে ডিবি পুলিশ পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেবে।
টিএইচএ/
