শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগে বিক্ষোভ চালিয়ে যান।
এদিন রাতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এসব দাবি তুলে ধরে।
ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তি এবং সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
২. বাংলাদেশে কর্মরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্কার্স পারমিট বাতিলের আহ্বান জানানো হয়েছে।
৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যেসব ব্যক্তি বাংলাদেশে গুম ও হত্যাকাণ্ডে জড়িত থেকে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার দাবি করা হয়। ভারত আশ্রয় দিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথাও বলা হয়।
৪. আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্ব পালনরত যেসব সদস্য বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের চাকরিচ্যুত করার দাবি জানানো হয়েছে।
এদিকে সংগঠনটি আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করেছে। ইনকিলাব মঞ্চ জানায়, রোববার রাত ১০টায় চলমান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হবে। তবে সোমবার (আগামীকাল) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
টিএইচএ/
