হাদির খুনি ফয়সালের অবস্থান জানালেন ডিবিপ্রধান

by Abid

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে ফয়সাল করিম মাসুদ দাবি করেন, তিনি বর্তমানে দুবাইয়ে আছেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞাপন
banner

তবে ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাদিকে গুলি করার পর ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যান। ফয়সালের ভাইরাল ভিডিও নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হলে সাংবাদিকরা তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ভিডিওটি আসল হলেও সেখানে উল্লেখ করা অবস্থান সঠিক নয়। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ফয়সাল বর্তমানে ভারতেই রয়েছেন।

ডিবিপ্রধান আরও জানান, এ মামলায় মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক পাঁচজন হলেন, হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, পালাতে সহায়তাকারী মানবপাচারকারী ফিলিফ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী এবং ফয়সালের বোন জেসমিন।

তিনি বলেন, তদন্তে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হাদি হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। ভবিষ্যতে তদন্তে নতুন কারও সম্পৃক্ততা পাওয়া গেলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222