টাঙ্গাইলের রসুলপুরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে নির্দিষ্ট সময়ের জন্য ওই এলাকার আশপাশে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখতে অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। কার্যক্রম চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিস্ফোরক ধ্বংসের কাজ চলবে। এ সময় ফায়ারিং রেঞ্জের চারপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ জনগণ ও সব ধরনের যানবাহন চলাচল থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আইএসপিআর সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
টিএইচএ/
