চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জোটগত স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত গ্রহণ করে। কেন্দ্রীয় সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই মুফতি আনিসুর রহমান কাসেমী স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেন, যাতে চাঁদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সুযোগ দেওয়া যায়।
মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় মুফতি আনিসুর রহমান কাসেমী ৩৬ নিউজকে বলেন, “ব্যক্তি নয়, সংগঠনই মুখ্য—এই নীতিতে আমরা বিশ্বাস করি। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও ঐক্য রক্ষাই আমাদের রাজনীতির মূল শিক্ষা। ইনশাআল্লাহ, দল ও জোটের স্বার্থে আমি সবসময় কাজ করে যাব।”
তিনি আরও বলেন, কচুয়ার জনগণের ভালোবাসা ও সমর্থনই তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। নির্বাচনের মাঠে না থাকলেও তিনি জনগণের পাশে থেকে সামাজিক ও দ্বীনি দায়িত্ব পালনে অবিচল থাকবেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত জোটগত রাজনীতিতে শৃঙ্খলা, ত্যাগ ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এতে করে চাঁদপুর-১ আসনে জোটের প্রার্থীকে ঘিরে ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা মনে করছেন।
উল্লেখ্য, মনোনয়ন পাওয়ার পর থেকেই মুফতি আনিসুর রহমান কাসেমী কচুয়া উপজেলায় ব্যাপক গণসংযোগ, সামাজিক কার্যক্রম ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। তার এই ত্যাগী সিদ্ধান্তকে দলীয় নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছেন।
হাআমা/
